Blog Archive
Saturday, June 20, 2009
মাটি
মৃত্তিকাই-মাটি একথা সবাই জানি। কিন্তু মৃত্তিকা কি?- সেই ‘মা’-টিকে কি আমরা চিনি? আমার আবদার, আমার অত্যাচার সব যে হাসি মুখে মেনে নিচ্ছে তার কথা আমরা ভুলে যাই। তাকে রাখি নিচে -সে থাকে সকলের অবহেলায়। কত শিশুর রাগ তাকে সহ্য করতে হয়। তারই সন্তান তার গাযে কত আঘাত হানে, তাতেই যে তাদের বীরত্ব! তারাই শ্রেষ্ঠ! তবু মার মনে ক্ষোভ নেই। তার সবচেয়ে দুষ্টু ছেলেকেই যে সে সবচেয়ে বেশি ভালবাসে। তবে তাকে বোঝার মত সন্তানও তার কম নয়। তারা মাকে সুন্দর করার জন্য ব্যস্ত। মা রাগলে তাকে জল দিয়ে শান্ত করে, তাতে মা খুশি হন – ‘মা’টির রূপ তাতে বাড়ে, অঙ্গে শ্যামল স্নিগ্ধ ছায়া পড়ে। মাটির গায়ের গন্ধে দুষ্টু ছেলেও তখন শান্ত, সে মায়ের রূপে মুগ্ধ হয়-তার শান্ত মিষ্টি গান তখন তার সারা দিনের গ্লানি, ক্ষোভ দুর করে দেয়। সে সব কিছু ভুলে ধিরে ধিরে মায়ের ছোট্ট আদুরে ছেলে সেজে মায়ের কোলে ঘুমিয়ে পড়ে। মাটি তখন সন্তানের শান্ত, পবিত্র রূপ দু’চোখ ভরে দেখে আর তার ভিতর নিজেকে খোঁজার চেষ্টা করে।
Friday, June 19, 2009
স্বাধীনতা
একটা ছোট্ট বুলবুল, প্রচন্ড ঝড়ে গাছ থেকে - ছোট্ট বাসা থেকে পড়ে গেছে মাটিতে। মাটির ছোট্ট ছোট্ট ঘাসেরা কিন্তু প্রচন্ড ঝড়ের হাত থেকে তাকে বাঁচিয়ে রাখে। পরের দিন সূর্য উঠলে তার খিদে পায় -কিন্তু মা কোথায়? ছোট্ট ঠোঁট ফাঁক করে সে কাঁদে। হ্যাঁ, তার ডাক কেউ শুনেছে। কে ও? মানুষ! - এই এখন তার নতুন মা। ধিরে ধিরে বুলবুলি বড় হয় - তার খুব খিদে, পেট যেন কিছুতেই ভরে না। মাঝে মাঝে দূরে কার যেন চেনা ডাক সে শুনতে পায়। ডানায় তার নতুন শক্তি আসে - ডানা ঝাপটায়। প্রথম নীল আকাশের নিচে নতুন মার কালো টুপির উপর বসে সে গাছপালা চেনে সে। শে্ষ পর্যন্ত তা নেশার মত ঘোর লাগায় – প্রতিদিন তার বাইরে বেরনো চাই-ই-চাই। বন্দি নয় সে, কারণ পায়ে শিকল নেই-তবু যেন সে কিসে আটকে! তার আর ভাল লাগে না এই জীবন। নতুনের ডাক, আপনজনের ডাক তাকে রাতের অন্ধকারে ডুকরে ডুকরে, গুমরে গুমরে কাঁদায়। প্রথম সে ওড়ে – দিনের আলোয়-টলমল করে, এক ডাল থেকে আরেক ডালে। বিপদ আছে – বড় কাঁটায় ভরা কুলগাছ। সবচেয়ে ভয় – বড় বড় কাক আর চিলকে। তবু ভয়কে জয় করতে হবে – তবেই হতে পারবে স্বাধীন। নীল আকাশ তাকে সব সময় টানে। সেখানে যে মা আছে! মার পিছন পিছন অনেক উপরে, নীল সমুদ্রে গা ভাসান – সে যে সব কিছু পাওয়া – মুক্তি – স্বাধীনতা! আজ নীল আর সবুজ হবে তার আশ্রয়। নীলে হবে তার বিচরণ – সবুজে আশ্রয়। আজ সে সবচেয়ে সুখী।
আজ ছোট্ট বুলবুলি – স্বাধীন পাখি।।
আজ ছোট্ট বুলবুলি – স্বাধীন পাখি।।
Subscribe to:
Posts (Atom)
