Blog Archive

Sunday, July 5, 2009

আমার ধ্রুবতারা-অপর্ণাদি ...হোস্টেল পর্ব-২

হোস্টেল পর্ব-২
আগের পর্বে বেশ কিছুটা এগিয়ে গিয়েও একটু পিছতে হচ্ছে। কারণ অপর্ণাদির কথা বলব। মাথায় যখন দুষ্টু বুদ্ধি খেলছে ততদিনে অপর্ণাদি হোস্টেল ছেরে চলে গেছে...শেলীদিও। ক্লাস ফোর স্কুল যেমন হোস্টেলও তেমনি সুন্দর ছিল।
অপর্ণাদির কাছে যে কত কিছু শিখেছি! অথচ ও ক্লাস ফাইভে পড়ত, আমার চেয়ে এক বছরেরই বড়।

হোস্টেলের বাইরে একটা ছোট্ট ফাঁকা জায়গায় অপর্ণাদি আমাদের সঙ্গে নিয়ে বাগান বানায়। নিজেরাই মাটি খুরি। ইট দিয়ে বর্ডারও দেওয়া হয়। ভিতরে দোপাটি, গ্যাদা-এসব গাছ লাগান হয়। দু’বেলা সবাই জলও দিতাম। বড়রা মজা করত। তবু সবাই অপর্ণাদিকে খুব ভালবাসতো। অপর্ণাদি নিজে হাতে কোথা থেকে একটা জবার ভাঙ্গা ডাল তুলে আনে, পরম মমতায় সেটা ঐ বাগানে দেওয়ালের ধারে পোঁতে। সবিতাদি পর্যন্ত দুঃখ করেছিলেন-“আহাঃ, মেয়েটা এত ভালবেসে মরা ডালটা পুঁতছে!” আশ্চর্য! সেই ডালেও অপর্ণাদির ভালবাসায় কচি কচি পাতা এলো!
অপর্ণাদি চলে যেতে আস্তে আস্তে বাগানটাও নষ্ট হয়ে যায়। কিন্তু এত বছর পর গিয়েও সেই জবা গাছটাকে দেখি কত্তো বড় হয়েছে! বেশ ফুলও ধরেছে। দেখে কি যে আপন মনে হল! কারণ আমরা দু’জনেই যে অপর্ণাদিকে চিনি, আর তখন দু’জনেই যেন একবার অপর্ণাদিকে ভেবে আনন্দও পেলাম।
অপর্ণাদি ফাংশানে দু-তিন দিন, দু-তিনটে নাটকও করেছিল। প্রাইজও পায়।
অপর্ণাদির বাবা ছিল না। কিন্তু ও প্রতিদিন সকালে আমাদের টিফিনে যে রুটি-তরকারি দিত, সেই খাবার থেকে আগে রুটি ছিঁড়ে কাককে খাওয়াত। একবার বলেছিল বাবা মারা যাবার কিছুদিন পর বাড়িতে একটা কাক এসে খুব ডাকছিল। তখন দুপুরবেলা, অপর্ণাদির মাকে বোধ হয় চাকরি করতে হত, বাড়িতে অপর্ণাদি বোধ হয় একা ছিল। সবে খেতে বসেছিল। কি ভেবে ভাত-ডাল মেখে বারান্দায় দেয়। কাকটা সঙ্গে সঙ্গে খেতে শুরু করে। মৌরী-আদা দিয়ে বিঊলীর ডাল আর আলু-পোস্ত অপর্ণাদির বাবা খুব ভালবাসতেন। সেদিন অপর্ণাদি ঠিক তাই খাচ্ছিল। কাকটা খেতে অপর্ণাদির ধারনা হয় তার বাবাই এসেছিলেন। এই স্নেহে প্রতিদিন আগে কাককে খাওয়াত। অপর্ণাদির দেখে আমারও তখন থেকে সেই অভ্যেস হয়েছে।
এছাড়া, অপর্ণাদি অনেক ছোট ছোট গল্প বলত, শুয়ে শুয়ে। আমরা ছোটরা যারা সবিতাদির একটু প্রিয় ছিলাম, তারা ঠিক সবিতাদির সামনে থাকতাম। উনি হলের সামনের দিকে দুটো ছোট্ট আলমারি আর মিটসেফ রেখে নিজের একটা বাউন্ডারী করে নেন। তার ভিতরেই স্টোভ জ্বেলে উনি চা খেতেন, ওনার চায়ের নেশা ছিল। উনি দিদুকে ভিষণ ভালবাস্তেন, একটা লজেন্সও ভাগ করে দিতেন। তো, ওনার সামনেই দু-তিনটে চৌকি জোড়া দিয়ে আমরা ৫-৬জন বাচ্চা থাকতাম। মাঝে অপর্ণাদি শুত। ও সুন্দর সুন্দর গল্প বলব। আমরা হাঁ করে শুনতাম।
অপর্ণাদি ছোট্ট ছোট্ট প্রাণীদেরও খুব ভালবাসতো। কোথাও প্রজাপতি বা টিক্‌টিকি মরেছে-শেলীদি, আমি, সীমা এসে অপর্ণাদিকে খবর দিতাম। অপর্ণাদি তাকে নিয়ে যেত বড় স্কুলের মাঠে-বকুলতলায়। পিছন পিছন আমরা যেতাম। ছোট্ট কাগজে ঐ প্রাণীটির দেহ অপর্ণাদিই নিয়ে যেত। আমরাও পেছনে কিছু ফুল নিয়ে চলতাম। আমাদের আশ্রমে ছোট্ট ছোট্ট সুগন্ধি বেল ফুলের অভাব ছিল না। এছাড়া বকুলতলায় অজস্র বকুলফুল পড়ে থাকত। ভাল জায়গায়, যেখানে চট্‌ করে কারো পা পরবে না, সেখানে গর্ত খুঁড়ে প্রাণিটিকে সমাধি দেওয়া হত। অপর্ণাদি তার উপর কোন চারাগাছ লাগিয়ে দিত। আমরা ফুল ছরিয়ে দিতাম।
অপর্ণাদিকে সবিতাদিও খুব স্নেহ করতেন। সবিতাদিকে দেখতে আগেকার বাংলা অভিনেত্রী মঞ্জু দের মত ছিল, যিনি তপন সিন্‌হার ‘কাবুলিওয়ালা’য় মিনির মা সাজেন। হোস্টেল ছাড়ার পর যখনই মঞ্জু দের সিনেমা দেখতাম তখনই সবিতাদিকে মনে পড়ত, মঞ্জু দে সে কারণেও আমার খুব প্রিয়। তবে আমাদের সবিতাদিকে সচরাচর হাসতে দেখা যেত না। কিন্তু অপর্ণাদি ঠিক ওনাকে হাসাতে পারত।
অপর্ণাদির মার সারা গায়ে ছোট ছোট আমের মত কি যেন ছিল। অপর্ণাদি খুব সুন্দরী ছিল, কিন্তু মাকে চেনাই যেত না। ওদের অবস্থা তখন বোধ হয় ভাল ছিলনা। বরাবর দেখতাম অপর্ণাদি রঙ চটা, কটা জামা পরত। কিন্তু তখনতো ছোট! অপর্ণাদি যা পরত, যা করত তাই আমার ভাল লাগত। আমার কাছে অপর্ণাদি রূপকথার রাজকন্যা ছিল। সেই অপর্ণাদি যেই হোস্টেল ছারল আমিও গড্ডালিকায় পরলাম।

এবার যখন হোস্টেলে যাই, তখন সবিতাদিকে পুরনো সবার কথা জিজ্ঞেস করতে করতে অপর্ণাদির কথাও উঠল। উনি একবার কোন কাজে নরেন্দ্রপুর গেছিলেন। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ একটা লম্বা মত সুন্দর মেয়ে হেঁট হয়ে ওনাকে প্রণাম করলে উনি অবাক হন। মেয়েটি পরিচয় দেয়। এই আমাদের অপর্ণাদি। হাসিটা দেখে সবিতাদিও চিনতে পারেন। এই ঘটনা বলতে বলতে সবিতাদির মুখ উজ্জ্বল হয়ে ওঠে।

Saturday, July 4, 2009

হোস্টেলের স্মৃতিঃ পর্ব-১

হোস্টেল পর্ব-১
আনন্দ আশ্রম হোস্টেলের কথা এলে প্রথমেই সবিতাদির কথা বলতে হয়। উনি আমাদের দেখাশোনা করতেন। অনেক বছর পর হোস্টেলে গিয়ে ওনাকে দেখতে গেছিলাম। উনি একদম একরকম আছেন, শুধু কানের পাশে কিছু চুলে সাদা পাক ধরেছে। সবিতাদিকে প্রচন্ড ভয় পেতাম। স্কুলে পরীক্ষার খাতা সৈ করাতে আমাদের কাল ঘাম ছুটে যেত। উনি বেশি চ্যাঁচামেচি করতেন না, কিন্তু খুব শাস্তি দিতেন, কান ধরে, ঠাস২ করে খুব মারতেন। আমি একবারই ওমন মার খেয়েছিলাম। এছাড়া ছিলেন দিদু। উনি ঠিক কেন আমাদের সাথে উপরে থাকতেন জানি না। কারণ নিচে অনেক বৃদ্ধারা থাকতেন, মনে হয় নিচে বৃদ্ধাশ্রম ছিল। ২তলা বাড়িতে উপরে সবিতাদি ও দিদুর সাথে আমরা ৩০-৪০ জন মেয়ে থাকতাম। বিশাল হল ঘরে ২দিকে বেড পাতা থাকত। দেওয়ালের দিকে ট্রাঙ্ক রাখতাম। পাশে অপেক্ষাকৃত ছোট ঘরে দিদু ৫-৬ জনকে নিয়ে থাকতেন। নিচে বয়স্ক বৃদ্ধারা থাকতেন, টুকটাক কাজ করতেন। একজনকে মনে পরছে খুব লম্বা, হাত-পা কেমন বেঁকে গেছিল, চুল সব প্রায় পাকা। উনি কেবল লাল পাড় সাদা শাড়ি, কপালে বড় লাল টিপ পরতেন। ইনি তেমন কাজ করতে পারতেন না, সবজি এলে লঙ্কার বোঁটা ছারিয়ে ঝুড়িতে সুন্দর করে রাখতেন। বাকি কেউ আচার করে স্কুলে বিক্রী করতেন। একজন নাম মনে হয় মুকুলদি, আমাদের স্কুলের সামনে ছোট্ট একটা ক্যান্টিন চালাতেন। ১০পয়সার বড়২ সুজির বিস্কুট খুব খেতাম।
আমাদের বিল্ডিং ছিল ছোট। ওদিকে ঠাকুরবাড়ি চারতলা আর বিশাল। ৪তলাতে ঠাকুর ঘর। রামকৃষ্ণ, সারদামা ও বিবেকানন্দের পুজো হত। সামনে বিশাল দালানের মত জায়গায় আমরা প্রায় ৪০০মেয়েরা ও দিদিমনিরা বসে আরতি দেখতাম। দেওয়ালে বিবেকানন্দের বিভিন্ন সময়ের বড়২ ছবি, সারদামা ও ভগিনী নিবেদিতার সেই বিখ্যাত ছবি- সব থাকত। ঠাকুর ঘরে বিশেষ২ দিনে খুব বড়২ উৎসব হত। শিবরাত্রিতে হোম, হোস্টেলের দিদিরা শাড়ি পরে, রাত জাগত। একাদশীতে রাম-নাম হত, এত ভাল লাগত! এখনও তার সুর কানে বাজে।
এই বাড়ির পিছনে লাগয়া আর একটা বিল্ডিং ছিল, সামনে থেকে দেখলে বোঝাই যেত না। ওটাও বেশ বড়। এই দুই বাড়িতেই হোমের ৩০০-৩৫০ মেয়ে থাকত। বড়২ হলে মাটিতেই বিছানা করে শুত। সকালে আবার হল পরিষ্কার, আমি ভাবতাম এত্ত বিছানা গেল কোথায়! এছাড়া, কদমতলা, কলাবাগানের কাছে একটা বিশাল সেড দেওয়া হলঘর ছিল। অনেকদিন বন্ধ ছিল। হোস্টেলের ১০০ বা ১২৫বছর যখন হল তখন তা খুলে পরিষ্কার হয়। সে সময় অনেক ভাম বের হয়। সেগুলোকে খাঁচায় রাখা হত। সকালে আমরা দেখতে যেতাম। দুপুরে নাকি চিড়িয়াখানা থেকে এসে নিয়ে যেত। এই হলে সে বার বেশ কিছুদিন ধরে মাইক-টাইক লাগিয়ে অনুষ্ঠান হল। অপর্ণাদি নাটক করল, খুব প্রশংসা পেল। আমিও হারমোনিয়াম নিয়ে মাইকে হল ভর্তি লোকের সামনে কি গাইলাম ভগবান যানেন! তবে স্টেজ থেকে নামতেই বাড়ি থেকে আসা মেজমা বলল সব ভুল হয়েছে, তবে সবিতাদি তার কিছুদিন পর ঠাকুর ঘরে বাইরে থেকে আসা কিছু বিদেশীর সামনে আমায় হারমোনিয়াম নিয়ে বসিয়ে দেয়। আর এমন ভাগ্য! তখন বোধহয় ঐ একটা গানই শিখেছি। এবারতো খুব লজ্জা করছে! বিদেশীরা কি বুঝল ভগবান যানে! শেষ হতে সবাই খুব আদর করল। এতে সবিতাদি খুব গর্ব বোধ করলেন। হোস্টেলে আমার অলিখিত প্রমশন হল। সবিতাদি যখনই বাইরে যান আমাকে সাজিয়ে-গুজিয়ে নিয়ে যান। এবং বাচ্চা মেয়েটাকে টুকটাক খাওয়াতেনও। আমি আসলেই বাইরে কি২ হল তার খবর বন্ধুরা নিত। হোস্টেলটা তখন সবার খাঁচা লাগত।
কদমতলার পিছনে, বড় পুকুর ছিল, জাল দিয়ে ঘেরা। তার সামনে একটা বাড়ি ছিল সেখানে হোমের মেয়েদের তাঁত শেখান হত। প্রায়ই খট্‌, খট্‌ করে আওয়াজ হত।
ঠাকুরবাড়ির ঠাকুর ঘরের নিচেরতলায় আশ্রম মার ঘর ছিল। ঘরটাতে গেলে এক অদ্ভুত সুন্দর অনুভূতি হত। আশ্রম মা অনেক দিন মারা গেছিলেন কিন্তু ঘরে ঢুকলে মনে হবে উনি হয়ত একটু বেরিয়েছেন, এক্ষুনি আসবেন। খাটটা টান২ করে পাতা, ওনার ছবি বসান, তাতে কাপড় পরান, পাশে ছোট টেবিল, তাতে পেন, লেখার প্যাড, চশমা। ওদিকে একটা মিডসেফ। সেখানে খাবারও রাখা হত। আশ্রম মার পায়ের ছাপ দেওয়ালে টাঙান থাকত।
সে সময় হোস্টেলে টিভি ছিল না। প্রতি রবিবার ‘রামায়ণ’ সিরিয়াল হত আর ঠাকুরবাড়ি আমরা লাইন করে যেতাম। বিশাল হলঘরে আগেকার বিশাল কালো-সাদা টিভি। দু পাশে লাইন দিয়ে ২০-৩০টা মোড়া পাতা, যারা বয়স্ক এবং নিচে বসতে পারতেন না তাদের জন্য। আমরা হোস্টেলের গোটা ৩০-৪০ মেয়ে আর হোমের ৩০০-৩৫০ মেয়ে এবং তাদের প্রচুর দিদিমনিরা সবাই পূজো করার মত হাত জোর করে বসে ওই একটাই সিরিয়াল সপ্তাহে দেখতাম।
একবার এখানে দুপুরে বাঞ্ছারামের বাগান হবে বলে রটে যায়। আর এটা নাকি না দেখলে জীবনই বৃথা। এদিকে আমাদের স্কুল আছে! কিন্তু হোমের মেয়েগুলো বেশ স্কুল কাটতে পারত। সবিতাদি হোমের মেয়েদের সাথে আমাদের বেশি মেলামেশা পছন্দ করতেন না। আর আমরা গুটি কয় মেয়েকে তিনি হাতের তেলোর মধ্য রাখতেন। ফলে স্কুল কি করে কাটা যায় ভেবে পাচ্ছি না! তবে সবিতাদি বাচ্চাদের অসুখকে ভিষণ ভয় পেতেন। শীত পড়লেই আমাদের লাইন করিয়ে কাঁচা হলদ আর গুড় খাওয়াতেন। পড়ে কি একটা হোমিওপাতিক মিষ্টি গুলি। শেষেরটাই কেবল ভাল লাগত। কিন্তু উনি দাঁড়িয়ে থেকে সবাইকে খাওয়াতেন তাই ফেলতেও পারতাম না। সবিতাদি কিন্তু অনেক খাবার আমায় জোর করে খাইয়ে২, খেতে শেখান। বাড়িতে কেউ হয়ত অত দেখত না। আমি ডিমের কুসুম, তেতো, ফল –এসব সবিতাদির দৌলতে খেতে বাধ্য হতাম। তো, স্কুল ফাঁকির প্ল্যান হল অসুখের অযুহাতে। সে সময় দুষ্টু বুদ্ধি গজাচ্ছে মগজে। আমি ক্লাস ফাইভে, আমার সঙ্গী ফোরের পিংকি আর সীমা। ওরা দুটোই আমার চেয়ে লম্বা। আর নাটের গুরু বেশিটাই পিংকি। ও রাজস্থানী মেয়ে। খুব লম্বা-চওড়া। তখন ও ছোট হয়েও বড়দের কাছেও খুব পাত্তা পাচ্ছে। কারণ ছুটির দিন সবিতাদি ঘরে না থাকলে আমাদের ছোটর দলকে দরজা, সিঁড়িতে পাহারায় বসিয়ে বড় দিদিরা পিংকির নাচ দেখত। পিংকি ‘এক-দো-তিন-চার-পাঁচ-ছেয়-.........তেরা করু...’ এ সব হিন্দি নাচ নাচত। আমাদের বাড়িতে দাদু একরকম হান্টারের উপর রাখত। টিভি ছিল কিন্তু দেখতে পেতামনা, আক্ষেপও ছিলনা। কারণ আমরা ৮ভাই-বোন মনের সুখে টিচার২, চোর-পুলিস, বাড়ি২-খুব খেলতাম। ফলে আমি মিঠুন-হেমামালিনীকেও চিনিনা বলে খুব হেও হতাম। ফলে পিংকি আমাদের লিড করছে তখন। সীমাটা প্রচন্ড ভীতু ছিল। পিংকি কিকরে যেন নিচ থেকে গোটা পিয়াজ নিয়ে এলো। আমরা চান করে বগলে সেই পিয়াজ কেটে দিয়ে রোদে বসে গা গরম করে কাঁচু-মাচু মুখে সবিতাদিকে বল্লাম জ্বর হয়েছে। উনি কপালে হাত দিয়ে দেখে আমাদের শুতে পাঠিয়ে, নিজে কাজে চলে গেলেন। সারা হোস্টেল ফাঁকা। দিদু আর আমরা তিন মূর্তি। দিদু যথারীতি দুপুরে ঘুমিয়ে পড়ল, হোমের মেয়েকে বলাছিল ওরা একটা নিচ থেকে আওয়াজ দিল, আমরা গুটি২ নিচে নেমে এলাম। নিচ ও নিস্তব্ধ। সব প্ল্যান মতই চলছিল। এবার মেন গেটে গিয়ে দেখি সেটি সবিতাদি তালা মেরে গেছেন। তিনজন যা বোকা বনলাম! তারপর আর কি! মুখ চুন করে গুটি২ আবার বিছানায়!
পরে রুমকি আর চৈতালী এলে আমি আর পিংকিদের পাত্তা দিতামনা। রুমকি যদিও পিংকিদের সাথে পড়ত। ও অনেক বড় ছিল। বাড়িতে কি সব গন্ডোগোলের জন্য স্কুল যেতে পারেনি। মামার বাড়িতেই পড়ত। পরে মামারা বিয়ে করলে হোস্টেলে ক্লাস ফোরে ভর্তি হয়। তবে ও ক্লাস নাইনের অংকও পারত। বড়দের কতবার ওর কাছে অংক দেখাতে আসতে দেখেছি! চৈতালী আমার সাথেই পড়ত। এবার আমরা তিনজন অভিন্ন আত্মা হলাম।

Run To You - Live at Slane Castle, Ireland.mp3

Followers