Blog Archive

Sunday, January 3, 2016

কথাচ্ছলে মহাভারত - ১১৮

[পূর্বকথা - পার্থের সাথে সুভদ্রার বিবাহ সুসম্পন্ন হল ....কিছুদিন পর কৃষ্ণ ও অর্জুন সপরিবারে যমুনার তীরে বেড়াতে গেলেন....ব্রাহ্মণবেশী অগ্নিদেব এসে তাদের খান্ডব বন দহনের অনুরোধ করলেন....] 


নর-নারায়ণ

খান্ডব-বন দহনঃ -

খান্ডব দহন সম্ভব নয় দেখে ক্রোধি অগ্নি পুনরায় ব্রহ্মার কাছে গেলেন। অগ্নি বিরিঞ্চি ব্রহ্মা কাছে গিয়ে বিস্মিত হয়ে জানালেন তাঁর পক্ষে খান্ডব দহন সম্ভব হচ্ছে না। 

প্রজাপতি ব্রহ্মা মুহূর্তে চিন্তা করে বলেন –ভয় পাবেন না অগ্নি, মতি স্থির করুন। আর তো কোন উপায় দেখছি না। কিছুদিন এখানে বিশ্রাম করুন। এর উপায় একটা বার করছি। সাবধানে শুনুন। 
নর-নারায়ণ পৃথিবীতে জন্মগ্রহণ করবেন। তাদের সাহায্য পেলে আপনি খান্ডব দহন করতে পারবেন। 

ব্রহ্মার বচন শুনে অগ্নি বহুদিন রোগ নিয়েও শান্ত, স্থির রইলেন। দ্বাপর যুগের শেষে নর-নারায়ণ অবতার রূপে জন্মগ্রহণ করলেন। তখন অগ্নি পুনরায় ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মার আজ্ঞা পেয়ে দেব হুতাশন অগ্নি দ্রুত নর-নারায়ণ অর্জুন-কৃষ্ণের কাছে হাজির হলেন। অগ্নির সব কথা শুনে পার্থ সম্মত হলেন। 

আশ্বাস পেয়ে অগ্নি বলেন –খান্ডববন দগ্ধ করা খুবই কঠিন কাজ। সে বনের রক্ষক দেব পুরন্দর ইন্দ্র। তিনি সদা সতর্ক। 

অর্জুন বলেন–আমি তাকে ভয় পাই না। বহু ইন্দ্র আসলেও আজ আমি জয়ী হব। তবে এখানে আমার যোগ্য ধনুর্বাণ সঙ্গে নেই। ইন্দ্রের সাথে যুদ্ধের জন্য অস্ত্রের প্রয়োজন। তাঁর সাথে যোগ্য রথ ও তুরঙ্গ(অশ্ব)ও দরকার। দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে সকলে সাহায্য করবেন। আমায় সাহায্যের সামান্য অস্ত্রও সঙ্গে নেই। 
শ্রীকৃষ্ণের বাহুবল সহ্য করার ক্ষমতাও কারো হবে না। কিন্তু তিনিও এখানে বিহার করতে এসেছেন, তাই সঙ্গে সুদর্শন চক্র আনেন নি। আপনি আমাদের অস্ত্রের ব্যবস্থা করে দিন। আমরা অবশ্যই খান্ডববন দহনে আপনার সাহায্য করব। 

তখন হুতাশন অগ্নি অনেক চিন্তা করে ধ্যানে সখা বরুণকে(জলদেবতা) স্মরণ করলেন। অগ্নির ডাকে জলেশ্বর বরুণ উপস্থিত হলেন। 

বৈশ্বানর(অগ্নি) বরুণকে বলেন –সখা উপকার করুন। আপনার গৃহে চন্দ্রের দেওয়া যে রথ, অক্ষয় যুগল তূণ, গান্ডীব ধনুক(গন্ডারের মেরুদন্ডে তৈরী) আছে তা যদি দেন তবে আমার দুঃখ ঘোচে। 

শুনে বরুণ সব অগ্নিকে এনে দিলেন। এমনকি নিজের পাশও(বরুণদেবের অস্ত্র, দড়ি বিশেষ) দান করলেন। 
এভাবে সুরাসুরের পূজিত গান্ডীব মহাধনু, কপিধ্বজ রথ যা চন্দ্র-ভানুর জ্যোতিযুক্ত, যাতে শুক্লবর্ণের চারটি অশ্ব নিয়োজিত হল। 
অক্ষয় যুগল তূণ অস্ত্ররূপে শোভা পেল। 

শ্রীকৃষ্ণকে স্তব করে তাকে কৌমোদকী গদা ও সুন্দর একটি চক্র দান করে অগ্নিদেব বলেন –এই দুই দিব্য অস্ত্র সংসারে অতুলনীয়। আপনার হাতেই এ দুটি সুন্দর শোভা পায়। 

এরপর পার্থ ও কৃষ্ণ নিজেদের রথে উঠলেন। গোবিন্দের গরুড়ধ্বজ ওবং পার্থের কপিধ্বজ রথ। 
শতেক যোজন বিস্তৃত খান্ডব বন। পার্থ ও কৃষ্ণ বনের দুই প্রান্তে থেকে পাহারা দিতে থাকেন। 
অগ্নিদেব নির্ভয় হয়ে বন দহন করেন। সেই আগুন পর্বতের আকার রূপ নেয়। প্রলয়ের মেঘ যেন গর্জন শুরু করল। 
নানাবিধ বৃক্ষ চড়চড় করে পুড়তে থাকে। নানাজাতের পশু, পাখি, নাগরা পুড়তে থাকে। প্রাণ ভয়ে কেউ বন থেকে পালাতে গেলে তাদের কেটে আগুনে ফেলা হল। আনন্দ মনে হুতাশন অগ্নি সব ভক্ষণ করতে থাকেন। এভাবে অরণ্যের মধ্যে অনেক যক্ষ, রক্ষ, কিন্নর, দানব, বিদ্যাধর পুড়ে মরল। 
প্রাণভয়ে কেউ স্ত্রী-পুত্রকে শেষবারের মত আলিঙ্গন করে আকুল হয়ে রোদন করল। কেউবা দ্রুত জলে ঝাঁপ দিল। কিন্তু জলজন্তুর সাথেই দ্রুত ভস্ম হল অগ্নির তেজে। জলে এভাবে পুড়ে মরল শফরী(পুঁটিমাছ/ ছোটমাছ), কচ্ছপ প্রভৃতি। 
বনেতে পুড়ল বনবাসী সবাই। সিংহ, ভাল্লুক, বরাহ(শুকর), মৃগ, মহিষ, শার্দূল(বাঘ), খড়্গী(গন্ডার) এত পুড়ে মরল যে লিখে শেষ করা যায় না। অসংখ্য কুঞ্জর(হাতি) পুড়ল দীর্ঘ দীর্ঘ দন্ড নিয়ে। জম্বুক(শৃগাল/শেয়াল), শশক(খরগোশ), নকুল(নেউল/বেজি) এত মরল যে বলে শেষ হয় না। 
নানাজাতের নাগ গর্জন করে আগুনে পরল। পঞ্চদশ ফণা তুলেও কেউ কেউ বাঁচার চেষ্টা করল। 
নানাবর্ণের বড় বড় পাখিরাও পুড়ে মরতে লাগল। কেউ পবনতেজে উড়ে পালাতে গেলে অর্জুন তাকে কেটে অগ্নিতে ফেলল। 
আকুল হয়ে সব জীব কলরব শুরু করল, যেন অর্ণব(সমুদ্র) উথলে উঠছে। অগ্নি আনন্দে পর্বত আকার রূপ ধারণ করে আকাশে উঠে গেল। 

স্বর্গবাসী দেবতারাও সেই আগুনের ভয়ে পালাতে লাগলেন। ভয়ে সবাই ইন্দ্রের শরণ নিলেন। 
সকলে দেবরাজকে খান্ডব দহনের কথা জানালেন –আপনার পালিত খান্ডববন হুতাশন অগ্নি দগ্ধ করছেন। অগ্নির সাথে দুজন মানুষও আছে, যারা তাকে সাহায্য করছে। 

সব শুনে দেবরাজ ইন্দ্র রেগে গেলেন। তিনি দেব সমাজকে নিয়ে তাদের উচিত শিক্ষা দিতে চললেন। 

মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহেন, শুনেন পুণ্যবান।


নর-নারায়ণ
......................................

Sunday, December 27, 2015

কথাচ্ছলে মহাভারত - ১১৭

[পূর্বকথা - কৃষ্ণের কথা মত অর্জুন সরস্বতীর তীর থেকে সুভদ্রাকে হরণ করলেন.. এ সংবাদ বলরাম শুনে কৃষ্ণের উপর অভিমান করতে লাগলেন... কৃষ্ণ এসে দাদাকে বোঝালেন সুভদ্রা অর্জুনকেই স্বামী হিসেবে চান..... বলরাম অর্জুনের কাছে বিবাহ প্রস্তাব পাঠালেন ...পার্থের সাথে সুভদ্রার বিবাহ হল .......দুর্যোধন অভিমানে স্বদেশ যাত্রা করল.....] 



খান্ডব-বন দহনঃ 

কিছুদিন পর এক গ্রীষ্মকালে পার্থ ও নারায়ণ যমুনায় বিহার করতে গেলেন। 
রুক্মিণী, সুভদ্রা সহ পরিবারের বহু সদস্যকে নিয়ে যমুনা কূলে সুন্দর ঘর করে বাস করেন। আনন্দে তারা পানাহার করে, ক্রীড়া করে দিন কাটান। 

একদিন ক্রীড়ান্তে দুজনে বসে বিশ্রাম করছিলেন, সে সময় সেখানে হুতাশন অগ্নি এক ব্রাহ্মণের বেশে প্রবেশ করলেন। মাথায় তাঁর ত্রিজটা, নয়ন তাঁর পিঙ্গল রক্তবর্ণ। আগুনের মত উত্তপ্ত শরীর। 
কৃষ্ণার্জুনের সামনে দাঁড়িয়ে তাদের আশীর্বাদ করে অগ্নিদেব বলেন –হে কৃষ্ণ আপনি যদুকুলের শ্রেষ্ঠ, হে পার্থ আপনি কুরুকুলসার। ত্রিভুবনে আপনাদের সমান আর কাউকে দেখিনা। আপনারা দুজনে মিলে আমার ইচ্ছে পূরণ করুন। আমি দরিদ্র ব্রাহ্মণ আমায় ভোজন করান। 

পার্থ হেসে বলেন –হে পণ্ডিত! কোন ভক্ষ পেলে আপনি তৃপ্ত হবেন বলুন। আপনি যা চাইবেন এখনই তা এনে দিচ্ছি। 

আশ্বাস পেয়ে অগ্নি বলেন –আমি আমার পরিচয় দিচ্ছি শুনুন। আমি অগ্নি। বহুকাল ব্যাধিতে ভুগেছি, অরুচি হয়েছে। আমায় ব্যাধি মুক্ত করুন। 
কাছেই খান্ডব বন আছে। সেটি সকল জীবের আলয়। সেই বন ভক্ষণের জন্য দিন, ধনঞ্জয়! সেখানে সুরাসুর, যক্ষ, রক্ষ, পশু, পাখি যত আছে সব আমায় ভোজন করতে দিন। 

এত শুনে রাজা জন্মেজয় বিস্মিত হয়ে বৈশম্পায়ন মুনিকে জিজ্ঞেস করেন –হে মুনিরাজ, আমার বিস্ময় খন্ডন করুন। 
সে স্থানে ব্যাধিযুক্ত হুতাশন অগ্নি কেন এলেন! কিসের জন্য তিনি খান্ডব দাহন করতে চাইলেন। 

মুনি বলেন –শুনুন নৃপ, পূর্বের কাহিনী। 
সত্যযুগে শ্বেতকি নামে এক রাজা ছিলেন। তিনি যজ্ঞ ছাড়া কিছুই বুঝতেন না। নিরন্তর ব্রাহ্মণদের নিয়ে যজ্ঞ করতেন। বহুকাল এভাবে রাজা যজ্ঞ করতে থাকলে দ্বিজরা আর সে কষ্ট সহ্য করতে পারল না। তারা যজ্ঞ ত্যাগ করে চলে যেতে চাইলো। 

রাজা জোড়হাতে বিনয়ের সাথে বলেন –মহর্ষিরা কেন আপনারা যজ্ঞ ছেড়ে যাচ্ছেন! আমি তো পতিত নই, কোন দোষও তো করি নি! 

দ্বিজরা বলে –আপনার কোন দোষ নেই, মহারাজ! কিন্তু এই অপ্রমিত যজ্ঞের কোন শেষ দেখছি না। আমরা আর অগ্নিতাপের ক্লেশ সহ্য করতে পারছি না। নয়ন আমাদের নিরস হয়েছে, অঙ্গ লোমহীন, শরীরের রক্ত শুকুয়ে যাচ্ছে এই অগ্নির সংস্পর্শে। 

দ্বিজদের কথা শুনে রাজা তাদের নানা ভাবে তুষ্ট করে পুনরায় যজ্ঞে আহ্বান জানাতে লাগলেন। 

দ্বিজরা বলে –রাজা, আমাদের অকারণে স্তুতি করছেন, আমাদের দ্বারা আর এ কাজ সম্ভব নয়। এই যজ্ঞ করেন এমন ব্রাহ্মণও দেখছি না। ত্রিদশ(অমর)-ঈশ্বর শিবের সেবা করুন। তিনি ছাড়া আর কারো এ যজ্ঞ করা সম্ভব নয়। 

দ্বিজদের কথা মত রাজা অনেক কঠোর তপস্যা শুরু করলেন। তাঁর তপস্যায় শিব সন্তুষ্ট হয়ে বর প্রার্থনা করতে বললেন। 

রাজা বলেন –কৃপা যখন করলেন, মহাদেব! তবে শুনুন। আমার যজ্ঞ করে এমন ব্রাহ্মণ নেই। আপনি আমার যজ্ঞের পুরোহিত হন। 

শিব হেসে বলেন –যজ্ঞ করা আমার কাজ নয়, ব্রাহ্মণের কাজ। যজ্ঞফল যা চাও তাই পাবে, প্রার্থনা কর। 

রাজা বিনয়ের সাথে বলেন –যজ্ঞ না করেই তার ফল ভোগ করা সুশোভন নয়। হে ত্রিলোচন! যজ্ঞের উপায় বার করে দিন।

শিব বলেন –তোমার যজ্ঞে এত মন! আমার অংশে জন্মেছেন দুর্বাসা মুনি। তাকে দিয়ে এই যজ্ঞ সম্পূর্ণ কর। 
পূর্বে যজ্ঞের সামগ্রী সব সংগ্রহ করবে। দুর্বাসার যোগ্য যজ্ঞ বিধান মত করবে। দুর্বাসার মান যেন রক্ষা পায়, লক্ষ্য রেখ। 

শিবের আজ্ঞা পেয়ে রাজা নিজ রাজ্যে গিয়ে যজ্ঞের সামগ্রী সংগ্রহে নিযুক্ত হলেন। বারো বছর ধরে সব সামগ্রী সংগ্রহ করে শিবকে জানালেন। শিব তখন দুর্বাসা মুনিকে এই যজ্ঞ সম্পূর্ণ করার নির্দেশ দিলেন। 

শিবের আজ্ঞা পেয়ে দুর্বাসা মুনির মনে রাজার উপর ক্রোধ হল। তিনি ঠিক করলেন রাজার কোন ছিদ্র বার করে তাকে শাপ দেবেন। 

দুর্বাসা মনে মনে ভাবেন –শ্বেতকি রাজনের এত অহংকার যে আমায় যজ্ঞের জন্য আবাহন করল! 

মনে ক্রোধ নিয়ে মুনি যজ্ঞ করতে গেলেন। সঙ্গে দণ্ডধর(যম)ও গেলেন। 
মহাতপোধন দুর্বাসা মুনি সাঙ্ঘাতিক যজ্ঞ শুরু করলেন। মুনি যখন যা চান সঙ্গে সঙ্গে রাজাও তাই যোগাতে থাকেন। শ্বেতকি রাজার যজ্ঞের কথা সংসারে ছড়াতে থাকে। 
দুর্বাসা মুনি মুষলধারে যজ্ঞে আহুতি দিতে লাগলেন। বার বছর ধরে অবিরাম সে যজ্ঞ চলতে থাকে। ত্রিলোকে সকলে এই যজ্ঞের কথা শুনে চমৎকৃত হল। 

সেই যজ্ঞের হবিষ্যি খেয়ে খেয়ে অগ্নির অরুচি হল। ব্যাধিযুক্ত দেহে অগ্নি দুর্বল হলেন। অগ্নিদেব তখন ব্রহ্মার সদনে গিয়ে তাকে তাঁর দুঃখের কথা জানালেন। 

বিরিঞ্চি ব্রহ্মা বলেন –অতি লোভে আপনাকে এ দুঃখ পেতে হচ্ছে। বহু খাদ্য গ্রহণের ফলে আপনার এ ব্যাধি হয়েছে। তবে এ ব্যাধিরও ওসুধ আছে, হুতাশন। খান্ডববনে বহু জীব আছে। যদি আপনার পক্ষে বন দগ্ধ করা সম্ভব হয় তো তাই করে ব্যাধি মুক্ত হন। 

ব্রহ্মার কথা শুনে বেগে অগ্নি খান্ডব বনে চললেন। ক্রুদ্ধ অগ্নি সেখানে গিয়েই প্রচন্ড গর্জন করে জ্বলে উঠলেন। খান্ডববন বহু জীবের বাসস্থান, আগুন দেখে তারা বিস্মিত হল। কোটি কোটি মত্ত হস্তী তাদের হস্তিনীদের সাথে মিলে শুঁড়ে করে জল এনে সে আগুন নেভাল। বড় বড় সব ভয়ঙ্কর সাপরাও তাদের পঞ্চশত, সপ্ত-অষ্টাদশ ফণায় করে জল এনে আগুন নেভাল।

এভাবে যত জীব ছিল সবাই নিজেদের সাধ্যমত সাহায্য করল, মুখে করে জল এনে আগুন নেভালো। অগ্নি অনেক চেষ্টা করেও আর বন দহন করতে পারলেন না। 
......................................

Run To You - Live at Slane Castle, Ireland.mp3

Followers