Blog Archive

Tuesday, May 10, 2016

কথাচ্ছলে মহাভারত - ১২৬

[পূর্বকথা -একদিন নারদমুনি ইন্দ্রপ্রস্থের সভায় উপস্থিত হলেন এবং নানা উপদেশ দিয়ে লোকপালদের সভা-বর্ণনা করলেন এবং সব শেষে জানালেন পান্ডুর মনের ইচ্ছে পাণ্ডবরা রাজসূয় যজ্ঞ করে পিতাকে রাজা হরিশচন্দ্রের মত ইন্দ্রের স্বর্গে যেন স্থান করে দেয়....যুধিষ্ঠির পরামর্শের জন্য কৃষ্ণকে আহ্বান জানালেন....কৃষ্ণ প্রথমে জরাসন্ধ বধের কথা বলেন ] 



জরাসন্ধের জন্ম বৃত্তান্তঃ 

ধর্মরাজ যুধিষ্ঠির বলেন –হে নারায়ণ, বলুন শুনি জরাসন্ধ নাম হল কেন তার! কি ভাবেই বা সে এত বলবান হয়ে উঠল! তোমাকে হিংসা করেও সে রক্ষা পাচ্ছে কি ভাবে! 

কৃষ্ণ গোবিন্দ বলেন –শুনুন তবে সে সব কাহিনী। 
মগধের রাজা ছিলেন বৃহদ্রথ। তিনি অগণিত সৈন্য, সামন্ত, গজ, বাজী(ঘোড়া), রথের অধিকারী। তেজে তিনি সূর্যের সমান, ক্রোধে যেন যম আর ধনে যক্ষপতির সমান। রূপে কামদেব আর ক্ষমা গুণে ক্ষিতি ধরিত্রী। 
কাশীরাজের দুই কন্যার সাথে তার বিবাহ হয়। পুত্র কামনা করে রাজা পুত্রেষ্টি যজ্ঞ করেন। কিন্তু যৌবনকাল গেল কোন পুত্র হল না। তখন নিজেকে ধিক্কার দিয়ে তিনি রাজ্য ত্যাগ করে স্ত্রীদের নিয়ে বনবাসে গেলেন। 
গৌতমমুনির পুত্র চণ্ডকৌশিক ঋষি, যিনি পরম তপস্বী সর্বদা বনে বাস করেন। বহু দেশ ভ্রমণ করে একদিন বৃক্ষতলে রাজা ঋষির দেখা পেলেন। স্ত্রীদের নিয়ে তিনি পরম ভক্তিভরে মুনির পূজা করলেন। 
খুশি হয়ে মুনি জিজ্ঞাসা করেন –রাজা, কোথায় চলেছেন! 
রাজা বৃহদ্রথ করজোড়ে বলেন –আমার দুঃখের কথা কি বলব! রাজা হয়ে বহু সৎ কর্ম করেছি। প্রজাদের সন্তানের মত পালন করলাম। কিন্তু পুত্রহীন হয়ে ধন-জনে আর মন নেই আমার। চারদিক শূন্য দেখছি। তাই রাজ্য ত্যাগ করে বনে বাস করছি। এখন ভাবছি সন্ন্যাস নিয়ে তপস্যা করব। 
রাজার কথা শুনে গৌতমনন্দন চন্ডকৌশিক চিন্তিত হয়ে ধ্যানে বসলেন। সে সময় দৈবের প্রভাবে সেই আমগাছ থেকে একটি আম মাটিতে পড়ল। আমটি তুলে ঋষি সেটি হৃদয়ে ধারণ করলেন। 
পরে আনন্দিত মনে আমটি রাজার হাতে তুলে দিয়ে বলেন –এই ফলটি আপনার প্রধান ভার্যাকে খেতে বলবেন। গুণবান পুত্র তার উদরে জন্মাবে। এবার আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে, নিজ রাজ্যে ফিরে যান। 
মুনির বাক্যে রাজা খুশি হয়ে রাজ্যে ফিরে এলেন। আমটি স্ত্রীদের হাতে দিলে দুই বোন সেটিকে দুভাগে ভাগ করে খেলেন। এক সময় দুই রাণীই গর্ভবতী হলেন। তারা একসাথে পুত্র প্রসব করলেন। দুইজনে আনন্দে পুত্রের মুখ দেখতে চাইলেন। 


এক চক্ষু, নাসা, কর্ণ, একপদ, এক হাত-অর্ধেক অর্ধেক অঙ্গ দেখে রাণীরা বিস্মিত হলেন। বুকে কিল মেরে তারা হাহাকার করে উঠলেন-দশ মাস গর্ভব্যথা বৃথা বহন করলাম! পুত্র দর্শন করে তারা যেমন নিরাশ হলেন, তেমনি ঘৃণা পেলেন। দাসীদের আজ্ঞা দিলেন সন্তানদের ফেলে দেওয়ার জন্য। দাসীরা সন্তান দুটি আস্তাকুঁড়ে ফেলে দিল। 
সে সময় সেখানে জরা নামে এক রাক্ষসী উপস্থিত হল। সে সদা শোণিত(রক্ত) মাংস আহার করত। তার দ্বারাই সংসারে গর্ভপাত শাসিত হত। রাজগৃহে গর্ভপাত শুনে সে এসেছে। অর্ধ অর্ধ অঙ্গ দেখে সে বিস্মিত হয়ে দুইহাতে দুই অংশ তুলে নারাচারা করে দেখতে থাকল। হঠাৎ দুই অঙ্গ একত্র হয়ে শিশুটি মুখে হাত ভরে উঙা উঙা রবে চিৎকার করে কান্না জুড়ল।


আশ্চর্য হয়ে জরা ভাবে একে খেয়ে পেট ভরবে না, কিন্তু রাজাকে ফেরত দিলে তিনি আনন্দিত হবেন। এই ভেবে শিশুটিকে কোলে নিতেই শিশু মেঘ গর্জনে নিস্বন(শব্দ) করতে লাগল। সঙ্গে সঙ্গে জরা নিশাচরী নারী মূর্তি ধারণ করে রাজার কাছে গিয়ে তার কোলে পুত্রকে তুলে দিল এবং সকল কথা জানাল। 
পুত্রকে ফিরে পেয়ে রাজা বৃহদ্রথ উল্লাসিত হলেন। তিনি জরাকে জিজ্ঞেস করেন –কে তুমি, কোথায় তোমার বাস, কিবা নাম তোমার। কার কন্যা, কার স্ত্রী, কোথায় থাকা হয়! আমার প্রতি তোমার এত স্নেহ! এমন খুশি ত্রিভুবনে এর আগে আমায় কেউ দিতে পারে নি। 
রাজার কথা শুনে নিশাচরী বলে –সৃষ্টি অধিকারী আমার নাম গৃহদেবী দিয়েছিলেন। দানব বিনাশের ফলে আমার সৃজন হল। আমি সবার ঘরেই বাস করি। আমাকে সপুত্রা নবযৌবনা করে যে জন গৃহের ভিত্তিতে এঁকে রাখে তার ঘর ধন-ধান্য-জায়া-সুতে সর্বদা পরিপূর্ণ হবে। আপনার গৃহেও রাজন আমি নিত্য পূজা পাই। তাই তোমার এ পুত্রকে আমি রক্ষা করলাম। আমার এই উদর সমুদ্র শোষণ করতে পারে। সুমেরু সদৃশ মাংস খেয়েও আশ মেটে না। তবে তোমার গৃহ পূজায় আমি বশিভূত তাই তোমার ঔরস রক্ষা করলাম। 
এই বলে রাক্ষসী নিজ স্থানে ফিরে গেল। 
পুত্র ফিরে পেয়ে রাজা আনন্দিত হলেন। জাত কর্ম বিধিমত করা হল। ব্রাহ্মণরা অনুমান করে পুত্রের নামকরণ করল – জরা একে সন্ধি করেছে তাই পুত্রের নাম হল জরাসন্ধ। 
জরাসন্ধ শুক্লপক্ষের চাঁদের মত অবিরাম বাড়তে লাগল। পুত্র যৌবনপ্রাপ্ত হলে বৃহদ্রথ পুত্রের হাতে রাজ্যভার দিয়ে স্ত্রীদের নিয়ে ব্রহ্মচারী হলেন। 
মহাবলী জরাসন্ধ নিজ বাহুবলে ভূমণ্ডল শাসন করতে লাগল। তার দুই দুর্ধর্ষ সেনাপতি হংস ও ডিম্বক তার সহায়। এই তিনজন ধিরে ধিরে সংসারে অজেয় হয়ে উঠল। তার উপর তার জামাই হল কংস রাজা। আমার হাতে ভোজপতি যখন হত হলেন সেখান থেকেই বার্হদ্রথ জরাসন্ধ গদা প্রহার করল। শত যোজন পার হয়ে সে গদা হঠাৎ এসে মথুরায় আঘাত করে মথুরায় সাংঘাতিক ভূমিকম্প করে। এরপরও আঠারোবার ত্রয়োদশ অক্ষৌহিণী সাজিয়ে সপরিবারে জরাসন্ধ মথুরা আক্রমণ করে। 


হংস সেনাপতি মহাবীর বলভদ্রের হাতে প্রচন্ড আঘাত পেলে চারদিকে হংসের মৃত্যুর খবর ছড়ায়। ভাই ডিম্বক ভায়ের মৃত্যুর শোক সামলাতে না পেরে যমুনায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। কিন্তু হংস তখন জরাসন্ধের সাথে বসে পরামর্শ করছিল। ভায়ের আত্মহত্যার খবর শুনে সে দৌড়ে গেল এবং সেও যমুনার জলে ঝাঁপ দিয়ে মারা গেল। এভাবে জরাসন্ধের প্রধান দুই হাত হংস ও ডিম্বকের মৃত্যু হয়েছে।
এখন আছে কেবল অত্যাচারী জরাসন্ধ। অনেক চিন্তা করে তার সাথে লড়তে হবে। মল্লযুদ্ধ ছাড়া তাকে হত্যা করা সম্ভব নয়। একমাত্র বৃকোদর ভীমের পক্ষেই তা সম্ভব। আমার মনের ইচ্ছে যদি আপনারা মানেন তবে বলি ভীমার্জুনকে আমার সাথে দিন। 

কৃষ্ণের কথা শুনে ধর্মপুত্র যুধিষ্ঠির স্নেহনয়নে ভীমার্জুনকে একদৃষ্টে দেখতে থাকেন। তিনি উপলব্ধি করলেন তার দুই ভাই কৃষ্ণের সাথে হৃষ্টচিত্তে যেতে চায়। তখন তিনি মধুর বাক্যে কৃষ্ণকে বলেন –আপনি কেন অনুনয় করছেন, যদুরায়! আপনি ছাড়া পাণ্ডবদের কে আর আছে! আজ পান্ডববন্ধু রূপে আপনি ত্রিভুবন খ্যাত। আপনার নাম নিলে ত্রিজগতে আর ভয় থাকে না। আপনি যার সহায় তার আর কি ভয় থাকতে পারে! 
এই বলে তিনি দুইভায়ের হাত গোবিন্দের করে সমর্পণ করলেন। 

মহাভারতের কথা অমৃতের ধার, কাশীরাম দাস কহেন রচিয়া পয়ার। 
......................................

Thursday, April 21, 2016

কথাচ্ছলে মহাভারত - ১২৫

[পূর্বকথা - অগ্নির হাত থেকে রক্ষা করায় কৃতজ্ঞ ময়দানব কৃষ্ণের আদেশে ত্রিলোক বিখ্যাত দিব্য মণিময় সভা নির্মাণ করলেন ইন্দ্রপ্রস্থে... একদিন নারদমুনি সভায় উপস্থিত হলেন এবং নানা উপদেশ দিয়ে লোকপালদের সভা-বর্ণনা করলেন এবং সব শেষে জানালেন পান্ডুর মনের ইচ্ছে পাণ্ডবরা রাজসূয় যজ্ঞ করে পিতাকে রাজা হরিশচন্দ্রের মত ইন্দ্রের স্বর্গে যেন স্থান করে দেয়.....]



যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞ চিন্তা ও শ্রীকৃষ্ণের নিকট দূত প্রেরণঃ 

নারদমুনির মুখে পিতা পান্ডুর মনের ইচ্ছের কথা শুনে ধর্মপুত্র যুধিষ্ঠির চঞ্চল হলেন। অন্য কিছুতে আর মন দিতে পারেন না। 
তিনি ভাইদের ডেকে বলেন –নারদমুনি বলে গেলেন পিতার ইচ্ছে আমরা রাজসূয় যজ্ঞ করি, তাহলে তিনি ইন্দ্রপদের স্থান পাবেন। আমি এ যজ্ঞ করতে চাই। সকলের কি মতামত! 
চারভাই মত দিলেন। 
সব শুনে মন্ত্রী ও পারিষদরা যজ্ঞের সপক্ষে বলে – চিন্তা করবেন না মহারাজ, আপনি এ যজ্ঞ করুন। কার সাধ্য আপনাদের বিরোধ করে! 

মন্ত্রীদের কথা শুনে যুধিষ্ঠির মনে মনে ভাবলেন –যার যে কাজে শোভা পায় না, তার সে কাজেই বেশি লোভ হয়। তারপরে বিড়ম্বনা হতে পারে। চারদিকে সবাই নিন্দা করবে। তার উপর রাজসূয় এক বিষম যজ্ঞ, সকলে তার যোগ্যও হয় না। কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে গোবিন্দের পরামর্শ নিতে হবে। এই কর্ম আমার যোগ্য কিনা তিনিই সঠিক বলতে পারবেন। তিনি যদি সম্মতি দেন তবেই আমি এ যজ্ঞে ব্রতি হব। 
এই ভেবে যুধিষ্ঠির কৃষ্ণের কাছে ইন্দ্রসেনকে(যুধিষ্ঠিরের সারথি) দূত হিসেবে পাঠালেন। 

দূত দ্রুত দ্বারকায় পৌঁছে কৃষ্ণের সাক্ষাৎ করে সকল কথা নিবেদন করে যোড়করে বলে –আপনার অদর্শনে কুন্তীপুত্র মনের দুঃখে আছেন। 

একথা শুনে গোবিন্দ দ্রুত বৈনতেয়(বিনতার পুত্র-গরুড়) আরোহণ করে ইন্দ্রসেনের সাথে চললেন। 
সূর্য পাটে গেলে তারা ইন্দ্রপ্রস্থে এসে পৌঁছালেন। 

কৃষ্ণ স্বয়ং এসেছেন শুনে আনন্দিত যুধিষ্ঠির ভাই ও মন্ত্রীদের ডেকে পাঠালেন। তিনি নিজে এসে কৃষ্ণের অভ্যর্থনা করলেন।

কৃষ্ণ ধর্মপুত্রকে নমস্কার জানিয়ে সকলের কুশল সংবাদ নিলেন। 
ধর্মপুত্র যুধিষ্ঠির ভক্তিভরে কৃষ্ণের পূজা করেন। সবশেষে সকলে মিলে সভায় আলোচনা করতে বসলেন। 

তাদের দেখে মনে হল যেন চন্দ্রের মণ্ডলী। 

যিনি নিজ হৃদয়ে সদা শ্রীহরির চরণ বন্দনা করেন, তার চরণকমল সদা কাশীরাম ভজেন।
....................................



গোবিন্দ-যুধিষ্ঠির সংবাদঃ

ধর্মপুত্র যুধিষ্ঠির কৃষ্ণ-গোবিন্দকে বলেন –নারদমুনিকে পিতা পান্ডু মহারাজ বলেছেন যে রাজসূয় মহাযজ্ঞ সংসারে দুর্লভ। এই যজ্ঞ করলে পিতা খুশি হবেন, ইন্দ্রসভায় স্থান পাবেন। সে কারণে আমি এযজ্ঞ করতে চাই। 
এখন আপনার অনুমতি প্রয়োজন। সকলেই আমার মতে মত দিচ্ছেন। কেউবা আমার উপর প্রীত হয়ে, কেউবা ধনের লোভে। 
কিন্তু আপনার মুখ থেকে অনুমতি না পেলে মনের সন্দেহ দূর হবে না। আমার এখন কি কর্তব্য বলুন। আপনি পাণ্ডবদের পতি, আপনার অনুমতি বিনা আমরা কোন পথ দেখতে পাই না। 

গোবিন্দ বলেন –আপনি সর্ব গুণবান। আপনার সমান রাজা পৃথিবীতে কেউ নেই। আপনি এই যজ্ঞের যোগ্য ব্যক্তি। 
তবে আপনার কাছে আমার এক নিবেদন আছে। আমি যা বলছি মন দিয়ে শুনুন। এই মহাযজ্ঞের জন্য এক লক্ষ রাজার সহযোগিতা চাই। মগধের রাজা জরাসন্ধ এখন শ্রেষ্ঠ রাজা। পৃথিবীর অধিকাংশ রাজাই এখন তার বশ্যতা মেনে নিয়েছে। সকলে তাকে ভয় পায়। অধিকাংশকে সে বলপ্রয়োগ করে বেঁধে এনেছে। তার সাথে যুক্ত হয়েছে কিছু দুষ্ট রাজারা। এদের মধ্যে উল্লেখ্য-শিশুপাল, করূষরাজ দন্তবক্র, যবনরাজ, পুণ্ডরীক, কোশলরাজ, বাসুদেব, বিদর্ভরাজ রুক্মি, প্রাগজ্যোতিষের রাজা নরকের পুত্র মহাবীর ভগদত্ত-এমন অনেক রাজা তার দলে আছে। 
ইক্ষ্বাকু(সূর্যবংশীয় প্রথম রাজা, বৈবস্বত মনুর পুত্র) ও ইলার বংশের যত রাজারা আছে তাদের অধিকাংশ জরাসন্ধের বশ্যতা মেনেছে। যারা মানেনি তারা নিজ রাজ্যে অত্যাচারিত হয়ে উত্তরে পালাতে বাধ্য হয়েছে। জরাসন্ধের দুই কন্যা অস্তি ও প্রাপ্তির বিবাহ হয় আমার মামা কংসের সাথে, তাই সম্পর্কে তারা আমার মাতুলী (মামী)। কংসকে হত্যা করায় তারা পিতা মগধরাজকে বাধ্য করে মথুরা আক্রমণের জন্য। জরাসন্ধ এত সৈন্যসামন্ত নিয়ে এলো যে শত বছরেও তাদের ধ্বংস করে শেষ করা যাবে না। বলরাম ও আমি তাদের সাথে যুদ্ধ করে তাদের সংহার করতে থাকি। সে কারণে জরাসন্ধ আঠারোবার যুদ্ধ করল। তখন অনেক চিন্তা করে আমরা সবাই বুঝলাম মথুরায় আর থাকা নিরাপদ নয়। দুই মাতুলী সব সময় পিতাকে উস্কাবে আর মগধরাজ জরাসন্ধ বার বার মারতে আসবে। 
অনেক বিচার বিবেচনা করে মথুরা ত্যাগ করে অনেক দূরে দ্বারকায় চলে এলাম। 
আমার সাথে সে যুদ্ধে যারা জরাসন্ধের সাথে যোগ দেয়নি সেই ছিয়াশী রাজাদের সে নিজ ভবনে এখনও বন্দি করে রেখেছে। তাদের সাথে পাশবিক অত্যাচার করা হচ্ছে। এদের সকলকে তার ইষ্ট শিব-রুদ্রের সামনে পূজার পর বলি দেওয়া হবে। এই রাজারা মুক্ত হলে তবেই আপনার এই যজ্ঞ সম্ভব হবে। 
জরাসন্ধকে হত্যা করতে পারলেই আপনি নিষ্কন্ট হয়ে যজ্ঞ সম্পন্ন করতে পারবেন। জরাসন্ধ বেঁচে থাকলে এ যজ্ঞ অসম্ভব। তার মৃত্যু হলে তার বশ্য রাজারাও আপনার বশ্যতা মানবে। ফলে সংসারে আপনার অনন্ত জয় ঘোষিত হবে। আমার এই মত। 

কমললোচন কৃষ্ণের এত কথা শুনে ধর্মরাজ যুধিষ্ঠির বলেন –আপনি ঠিকই বলেছেন। আমিও প্রথমে চারদিকে শান্তি প্রতিষ্ঠা করতে চাই। তারপরে না হয় জরাসন্ধের বিষয়টি বিচার করব। 

ভীমসেন তখন বলে ওঠেন –আমি আর ধৈর্য্য ধরতে পারছি না। প্রথমে আমি বৃহদ্রথের এই পুত্রের হত্যা করতে চাই। তাকে হত্যা করলেই বহু রাজা মুক্ত হবে। তাদের সাহায্য পেলে আর কেউ আমাদের যজ্ঞে বিঘ্ন ঘটাতে পারবে না। রাজা হয়ে ভয়ে শান্তির ভজনা করলে লক্ষ্মী পাবেন না। পূর্বে এমন অনেক রাজা ছিলেন। বাহুবলে ভরতরাজ ভূমণ্ডল শাসন করে গেছে। তারও পূর্বে মান্ধাতার কাছে সকলে বশ্যতা মানে। কৃতবীর্য্যের প্রতাপের কথা এখনও জগতে ঘোষিত হয়। ভগীরথও প্রজা পালনে এভাবে খ্যাতি পান। 

শ্রীকৃষ্ণ বলেন –মহারাজ শুনুন, যখন মগধরাজ জরাসন্ধ হত হবে সকল রাজারা অনায়াসে বশ্যতা মানবে। আপনি আমার সাথে ভীমার্জুনকে দিন। আমরা জরাসন্ধের দুর্দান্ত সৈন্যের সাথে যুদ্ধ করব না। কৌশলে মগধপতিকে হত্যা করতে হবে। 

সব শুনে চিন্তিত যুধিষ্ঠির বলেন –আপনারা যা বলছেন তাতে আমার মন মানছে না। মগধরাজ জরাসন্ধ রাজচক্রবর্তী। তাকে সুরপতি ইন্দ্রও ভয় করেন। 
এখনি শুনলাম তার ভয়ে আপনি স্বয়ং জগন্নাথ মথুরা ত্যাগ করতে বাধ্য হয়ে পশ্চিমে সমুদ্রতীরে আশ্রয় নিয়েছেন। 
ভীমার্জুন আমার দুই চক্ষু, আপনি শ্রীকৃষ্ণ স্বয়ং আমার প্রাণ। এই সংকটে আপনাদের পাঠাতে মন চায় না। এমন সাংঘাতিক যজ্ঞের আমার প্রয়োজন নেই। আমি আপনাদের জন্য সংসার ত্যাগ করে সন্ন্যাসী হতেও রাজি আছি। 

এত কথা শুনে ধনঞ্জয় অর্জুন বলেন –মহারাজ, এসব কি বলছেন! সংসারে কেউই চিরজীবী হয় না। যুদ্ধ না করেও কেউ কি এখনও অমর হতে পেরেছে! সঙ্কটকালে দুঃখ পেতেই হয়, তাবলে সুকর্ম বিহীন রাজা হওয়া তো বৃথা জন্মের সমতুল্য। 
আমরা চেষ্টা করে দেখি, যদি সফল না হই তখন আপনি পুনরায় চিন্তা করবেন। এখন শ্রীকৃষ্ণের সাথে আমাদের যেতে দিন। 

ইন্দ্রপুত্র অর্জুনের এই কথা শুনে নারায়ণ কৃষ্ণ “সাধু, সাধু” রবে প্রশংসা করলেন। 

সভাপর্ব সুধারস জরাসন্ধ বধে, কাশীরাম দাস কহেন গোবিন্দের পদে।
......................................

Run To You - Live at Slane Castle, Ireland.mp3

Followers